প্রতিপাদ্য বিষয়

পরিবেশ পুনরুদ্ধারে বিজ্ঞানকে নতুন আঙ্গিকে দেখা

বাংলাদেশ নদী, পলিমাটি, সংস্কৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের সংমিশ্রণে গড়ে ওঠা এক অনন্য ব-দ্বীপ। শত শত বছর ধরে এ দেশের উর্বর প্লাবনভূমি, জলাভূমি, বনাঞ্চল ও বিস্তৃত নদী ব্যবস্থা একটি সমৃদ্ধ বাস্তুতন্ত্র এবং প্রাণবন্ত সমাজ গঠনে সহায়তা করেছে। কিন্তু আজ এই বদ্বীপের বুকে গভীর ক্ষত স্পষ্ট। দূষিত নদী, বিপন্ন জলাভূমি, ক্রমহ্রাসমান জীববৈচিত্র্য, পানিদূষণ, বর্জ্য অব্যবস্থাপনা এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আজ সংকটাপন্ন। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের অদূরদর্শী ও ধ্বংসাত্মক উন্নয়ন পরিকল্পনার অনিবার্য পরিণতি। যেকোনো গভীর ক্ষতের মতোই, এই সংকট মোকাবিলায় প্রয়োজন দীর্ঘমেয়াদি সামাজিক, রাজনৈতিক ও বৈজ্ঞানিক আন্দোলন।

 

এনভায়রনমেন্টাল স্টেম (E-STEM)-এর শক্তিকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মের হাত ধরে এই পরিবেশ ও বাস্তুতন্ত্র পুনর্গঠনই ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (NEO) ২০২৬-এর মূলমন্ত্র। NEO নিছক কোনো প্রতিযোগিতা নয়; এটি একটি আন্দোলন, যার ভিত্তি হলো পরিবেশ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (E-STEM) সমন্বিত জ্ঞান। শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জগতে এর পরিধি বিস্তৃত। এই উদ্যোগ শিক্ষার্থীদের শেখায় যে, পরিবেশ একটি পারস্পরিকভাবে সংযুক্ত ব্যবস্থা—যা প্রাকৃতিক প্রক্রিয়া, রাজনীতি এবং মানুষের কর্মকাণ্ড দ্বারা গভীরভাবে প্রভাবিত। এটি শিক্ষার্থীদের পরিবেশের সহনক্ষমতা ও সীমাবদ্ধতা অনুধাবন করে দায়িত্বশীল পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করে। E-STEM শিক্ষার্থীদের কৌতূহলকে অনুসন্ধানে এবং সেই অনুসন্ধানকে বাস্তবসম্মত, সমাধানমুখী কর্মকাণ্ডে রূপান্তর করে।

 

NEO ২০২৬ শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। এখানে অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকার বাস্তব পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করতে এবং বিজ্ঞানের সহজ ও কার্যকর প্রয়োগের মাধ্যমে বাস্তুতন্ত্রের পুনর্গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করা হয়। হাতে-কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পানি দূষণ, জীববৈচিত্র্য হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু ঝুঁকির মতো বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করে। তারা সমালোচনামূলক চিন্তার (Critical Thinking) মাধ্যমে খুঁজে বের করে—কীভাবে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বল্প খরচের সমাধান দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে।

 

NEO বিশ্বাস করে, পরিবেশগত সমস্যার সমাধান মানেই বিশাল অবকাঠামো বা ব্যয়বহুল প্রযুক্তি নয়। বরং এখানে গুরুত্ব দেওয়া হয় স্বল্প ব্যয়ে সহজলভ্য প্রযুক্তির ব্যবহারে, যা আমাদের বালি বা পলিমাটির মতো প্রাকৃতিক সম্পদগুলোকে সর্বোত্তমভাবে কাজে লাগায়। এই উদ্যোগ পর্যবেক্ষণ, বহুমাত্রিক চিন্তাভাবনা (Multidisciplinary Thinking) এবং পরীক্ষানিরীক্ষাকে প্রাধান্য দেয়। শিক্ষার্থীদের এমনভাবে ‘ইন্টারভেনশন’ বা পদক্ষেপ ডিজাইন করতে উৎসাহিত করা হয়, যা প্রাকৃতিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক না হয়ে বরং সহায়ক ভূমিকা পালন করে। এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে, অর্থবহ পরিবেশগত কাজ কেবল বিশেষজ্ঞ বা অত্যাধুনিক যন্ত্রপাতির ওপর নির্ভরশীল নয়; বরং শেখার আগ্রহ এবং কমিউনিটির জন্য কাজ করার মানসিকতা থাকলে তরুণরাই তা করতে সক্ষম।

 

NEO ২০২৬ আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার রূপান্তরের এক স্পষ্ট আহ্বান। এটি মুখস্থনির্ভর এবং বিদেশি ব্যবস্থার অন্ধ অনুকরণ থেকে সরে এসে পরিবেশগত প্রক্রিয়ার গভীর বোঝাপড়ার দিকে ধাবিত হতে চায়। এটি তাত্ত্বিক শিক্ষা থেকে সরে এসে সক্রিয় সমস্যা সমাধানে এবং ভোগবাদী চিন্তা থেকে বেরিয়ে প্রকৃতির পুনর্জীবন ও ন্যায়বিচারের দর্শনে বিশ্বাসী। NEO শিক্ষার্থীদের ‘পরিবেশের প্রহরী’ ও উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে চায়, যারা E-STEM জ্ঞান ব্যবহার করে বাস্তুতন্ত্র রক্ষা ও পুনর্গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

 

এই প্রজন্মের তরুণ চিন্তাবিদ ও কারিগররা বাংলাদেশের প্রকৃতি ও উন্নয়নের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার অসীম সম্ভাবনা ধারণ করে। বৈজ্ঞানিক চিন্তার সঙ্গে পরিবেশগত দায়িত্ববোধের মেলবন্ধনে NEO ২০২৬ এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখে, যেখানে শিক্ষা সরাসরি পরিবেশগত পুনর্গঠন ও সামাজিক কল্যাণে অবদান রাখবে।

 

NEO ২০২৬-এর এই আন্দোলনে শামিল হও—যেখানে তারুণ্যের কৌতূহল হয়ে ওঠে শক্তি, বিজ্ঞান হয়ে ওঠে দায়িত্ব, আর E-STEM হয়ে ওঠে আমাদের পৃথিবীকে নিরাময়, পুনরুদ্ধার ও নতুন করে প্রাণ ফিরিয়ে আনার শক্তিশালী হাতিয়ার!